বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন লন্ডনে হতে যাওয়া ব্যালন ডি’অর অনুষ্ঠান। আগামী সোমবার রাতে হতে যাওয়া এই অনুষ্ঠানে যোগদানে বিপত্তির মুখে পড়েছেন পিএসজির ফুটবলাররা। এমনকি ক্লাবটির একটি ম্যাচও পিছিয়ে দেওয়া হয়েছে। মূলত রাজনৈতিক অস্থিরতার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির পুলিশ প্রশাসন।
লিগ ওয়ানের ম্যাচে আগামীকাল মুখোমুখি হওয়ার কথা ছিল পিএসজি ও অলিম্পিক লিওঁ’র। কিন্তু অস্থির পরিস্থিতিতে ম্যাচটির সময় পাল্টে সোমবার রাতে নির্ধারণ করা হয়েছে। তখন লন্ডন প্যালাডিয়াম থিয়েটারে বসবে ব্যালন ডি’অরের বর্ণাঢ্য আয়োজন। যেখানে মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন পিএসজির ১০ ফুটবলার।
সর্বশেষ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজয়ী ফরাসিদের হয়ে ব্যালনের দৌড়ে আছেন– গতবারের বিজয়ী উসমান দেম্বেলে, আশরাফ হাকিমি, খিচা কাভারৎস্খেলিয়া, মার্কিনিয়োস, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, উইলিয়ান পাচো, ফ্যাবিয়ান রুইজ, ফেররান তোরেস এবং ভিতিনিয়া। তাদের বাইরে সেরা গোলরক্ষকের পুরস্কার ‘ইয়াশিন ট্রফি’র মনোনয়নে ক্লাবটির মাতভে সাফোনভ, উদীয়মান খেলোয়াড়ের ‘কোপা ট্রফি’র তালিকায় ওয়ারেন জাইরে এমেরি এবং সেরা কোচের দৌড়ে লুইস এনরিকের নাম আছে।
একই সময়ে লিওঁ’র সঙ্গে ম্যাচ থাকায় তাদের ব্যালনের আয়োজনে উপস্থিত হওয়া অনিশ্চিত! বর্তমান পরিস্থিতি ইনজুরির কারণে পিএসজির স্কোয়াডের বাইরে থাকা ২০২৫ ব্যালনজয়ী দেম্বেলে এবং তারকা মিডফিল্ডার কাভারৎস্খেলিয়ারও ইংল্যান্ডের বিমান ধরার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। স্কোয়াডে থাকা ফুটবলারদের জন্য তো আরও কঠিন।
জ্বালানির মূল্যবৃদ্ধি, শিক্ষার মান এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে গত সপ্তাহ থেকে পরিকল্পিত বিক্ষোভ এবং ফ্রান্সে পূর্ববর্তী নানা আন্দোলনের সময় দাঙ্গা, ভাঙচুর ও লুটপাটের ইতিহাসের কারণে সৃষ্ট নিরাপত্তা উদ্বেগের জেরে শীর্ষ ফুটবল লিগের সময়সূচী পরিবর্তন করা হয়। পুলিশ প্রিফেকচার নির্ধারিত তারিখে ম্যাচটি আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় প্রফেশনাল ফুটবল লিগ কর্তৃপক্ষকে বিকল্প ব্যবস্থা খুঁজতে হয়েছে।
বর্তমানে সাত ম্যাচে সমান ১৪ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকায় লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে লিওঁ শীর্ষে ও পিএসজি দুই নম্বরে আছে।
এএইচএস
