তরুণ নির্মাতা জয়ন্ত চন্দ্রের প্রথম একক নাটক ‘বেলা ফুরাবার আগে’ মুক্তি পেতে যাচ্ছে সিনেপ্লাসের ইউটিউব চ্যানেলে। আগামী ২৩ অক্টোবর দুপুর ৩টায় নাটকটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
করপোরেট জগতের স্বার্থের দ্বন্দ্ব, মধ্যবিত্ত পরিবারের সংগ্রাম এবং নিঃস্বার্থ ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। নির্মাতার প্রথম একক নাটক হওয়ায় কাজটি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে বিশেষ প্রত্যাশা তৈরি হয়েছে।
নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাওন দাশ ও নিশা চৌধুরী। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আর সি অরণ্য, নওশিন ইসলাম, ফারিজা এহসান ও শিকদার সিজারসহ আরও কয়েকজনকে।
নাটকের গল্পে বিশেষ গুরুত্ব পেয়েছে করপোরেট জীবনের প্রতিযোগিতা, লোভ ও স্বার্থের সংঘাত। কর্মব্যস্ত জীবনের আড়ালে মানুষের সম্পর্ক, অনুভূতি এবং ভালোবাসার প্রকৃত মূল্য কীভাবে বদলে যায়, তা কাহিনির বিভিন্ন স্তরে উঠে এসেছে। পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের প্রতিদিনের লড়াই, পরিবারের জন্য ত্যাগ, অক্লান্ত পরিশ্রম এবং স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষাও গল্পের অন্যতম অনুষঙ্গ।
জীবনের প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ের সঙ্গে ভালোবাসা ও বাস্তবতার টানাপোড়েন মিলিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করেছেন জয়ন্ত চন্দ্র। সংশ্লিষ্টরা আশা করছেন, নাটকটি দর্শকদের বিনোদনের পাশাপাশি জীবনের পরিচিত কিছু প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবে।
তরুণ নির্মাতা হিসেবে জয়ন্ত চন্দ্রের নির্মাণযাত্রায় ‘বেলা ফুরাবার আগে’ একটি গুরুত্বপূর্ণ সংযোজন। প্রথম একক নাটক দিয়ে দর্শকদের সামনে নিজের নির্মাণভাবনা তুলে ধরার সুযোগ পাচ্ছেন তিনি।
বিআলো/শিলি