এস এ খান শিল্টু: সিঁদুর খেলা, ঢাক-ঢোলের বাদ্য আর ভক্তদের জয়ধ্বনির মধ্য দিয়ে প্রতিমা বিসর্জনে শেষ হয়েছে মেহেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। বিদায়ের ক্ষণে আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি অনেক ভক্তের চোখে ছিল অশ্রু।
বুধবার (২১ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর শহরের ভৈরব নদে একে একে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। ‘দুর্গা মা কি জয়, মহামায়া কি জয়’ ধ্বনি, ঢাক-ঢোল, কাঁসর ও ঘণ্টার বাদ্যে মুখর হয়ে ওঠে নদের দুই পাড়।
শহরের বিভিন্ন পূজামণ্ডপ থেকে শোভাযাত্রা নিয়ে ভক্তরা বিসর্জনস্থলে আসেন। পরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানানো হয়। সিঁদুর খেলা ও জয়ধ্বনিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হলেও দেবীর বিদায়বেলায় ভক্তদের মধ্যে দেখা যায় আবেগ ও বিষাদের ছাপ।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী দুর্গা কৈলাসে স্বামীর গৃহে ফিরে গেলেও আগামী শরতে আবারো ফিরে আসবেন ভক্তদের মাঝে। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠার প্রত্যাশায় দেবীর বিদায়ের মধ্য দিয়ে শেষ হয় পাঁচ দিনব্যাপী দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মেহেরপুরে এ বছরের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
সানা/আপ্র/২২/১০/২০২৬
