পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরা মসজিদ এলাকার মনসুর খান প্লাজায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসলেও পানি বন্ধ করলেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। ভেতর থেকে এখনো ধোঁয়া বাইরে বের হচ্ছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা যায়। ফায়ার সার্ভিসের এক কর্মীও তা জানিয়েছেন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, পুরান ঢাকার চকবাজারের কাটরা মসজিদ এলাকার মনসুর খান প্লাজায় লাগা আগুন এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। পানি দেওয়া বন্ধ করলেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। ভেরত থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিল্ডিংয়ের দারোয়ান মো. মজিবুল্লাহ বলেন, গতকাল বিকেল ৫টায় আগুন লেগেছে, এখনো তা নিয়ন্ত্রণে আসেনি। শুধু পানি দিয়ে বিল্ডিং ভরে ফেলছে। ভেতরে আগুন জ্বলছে। ধোঁয়া বাহির হচ্ছে।
ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, পানি দেওয়া বন্ধ করলেই আগুন দাউদাউ করে জ্বলে উঠছে। আমরা চেষ্টা চালাচ্ছি দ্রুত আগুন বন্ধ করার। মানুষের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি। সড়কের যে পরিমাণ মানুষ আছে তারা সড়কটি ক্লিয়ার রাখলে পানির গাড়ি আসা যাওয়া করতে আমাদের সহযোগিতা হয়। এখানে ভিড় না করে চলে গেলে আমাদের কাজের সুবিধা হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভবনটির কসমেটিকস ও ব্যাগের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। পরে তা ভবনের বিভিন্ন কম্পার্টমেন্টে ছড়িয়ে পড়ে। ভবনটির বিভিন্ন অংশে একাধিক গোডাউন রয়েছে। এসব গোডাউনে প্রচুর মালামাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।
এদিকে ভবনটির ষষ্ঠ তলায় থাকা মালামাল পুড়ে গেছে বলে জানানো হয়েছে। পঞ্চম তলায় ক্ষয়-ক্ষতি তুলনামূলক কম হয়েছে। পুরান ঢাকার ভবনগুলোর কাঠামো ও দোকানগুলোর বিন্যাসের কারণে আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রায় ১৫০ জন সদস্য কাজ করছেন। তাদের সঙ্গে স্বেচ্ছাসেবী ও স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছেন। সব মিলিয়ে ঘটনাস্থলে প্রায় ২০০ থেকে ৩০০ জন কাজ করছেন বলে ধারণা করা হচ্ছে।
এমএসআই/জেআই
