আন্তর্জাতিক গেটওয়ে কোম্পানি অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্স লিমিটেডের এমডি অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহিউদ্দিন মজুমদারকে ইনকামিং কলের মাধ্যমে ৪৫০ কোটি টাকার বেশি অর্থপাচারের মামলায় ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। বিচারের শুরু থেকে রায় ঘোষণার সময়ও আসামিরা পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রায় ঘোষণার আগে চার্জশিটের আট সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ করে।
দুদকের কৌঁসুলি মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, অর্থপাচারের অভিযোগে ১২ বছর সশ্রম কারাদণ্ড ও ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকার দ্বিগুন ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আসামিরা টাকা পরিশোধ না করলে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার কথা রায়ে বলা হয়েছে। এছাড়া অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে তাদের আরও ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া তবে দুই ধারার সাজা একত্রে চলবে জানিয়ে তিনি বলেন, দণ্ডিতদের ১২ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্সের বিরুদ্ধে আন্তর্জাতিক ইনকামিং কলের (সেবা রপ্তানি) মাধ্যমে ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা মূল্যের ৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ ডলার পাচারের অভিযোগে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি মামলা করেন দুদকের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ।
