ভিয়েতনামি ভাষার ড্রাইভিং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনা
ভিয়েতনামি ভাষায় জাপানি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থীর কাছে পূর্ববর্তী পরীক্ষার প্রশ্নপত্রের ছবি পাওয়া যাওয়ায় স্থানীয় পুলিশ ভিয়েতনামি ভাষার পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করেছে।
চিবা জেলার পুলিশ সদর দপ্তর মঙ্গলবার জানিয়েছে যে, একটি সাধারণ মোটরসাইকেল লাইসেন্সের লিখিত পরীক্ষা চলাকালে তত্ত্বাবধায়ক এক কর্মকর্তা একজন পরীক্ষার্থীকে সন্দেহজনক আচরণ করতে দেখেন। পরীক্ষাটি চিবা শহরের একটি ড্রাইভিং লাইসেন্স কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছিল।
পুলিশ জানিয়েছে, সেই পরীক্ষার্থী পরীক্ষা চলাকালে একটি স্মার্টফোন ব্যবহার করছিল, যা নিষিদ্ধ। ফোনে দৃশ্যত পূর্ববর্তী পরীক্ষার প্রশ্নপত্রের কিছু ছবি ছিল, যা অন্য কারও তোলা বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ নিশ্চিত করেছে যে পূর্ববর্তী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, এবং এর ফলে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ভিয়েতনামি ভাষার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা সাময়িকভাবে স্থগিত ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বর্তমানে প্রচলিত প্রশ্নপত্রের ব্যবহার বন্ধ করে নতুন প্রশ্নপত্র প্রস্তুত করার প্রয়োজনীয়তার দৃষ্টান্ত তারা তুলে ধরেছে।
পরীক্ষার সময় স্মার্টফোন নিষিদ্ধ করার মধ্যে দিয়ে একই সাথে তারা এধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করারও পরিকল্পনা করছে।