জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বরগুনার বামনা গার্লস স্কুল প্রাঙ্গণে বিএনপি বামনা শাখার কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নূরুল ইসলাম মনি বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি, দখলদারিত্ব কিংবা কোনো ধরনের অনিয়ম-অপকর্মে জড়ালে তাকে প্রশ্রয় দেওয়া হবে না। নেতাকর্মীদের জনস্বার্থকে প্রাধান্য দিয়ে শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করতে হবে।
উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, বামনার সড়ক, সেতু, ঘাট ও কালভার্ট নির্মাণ ও সংস্কারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে। আগামী দুই বছরের মধ্যে বামনাকে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলায় পরিণত করার লক্ষ্যে কাজ করা হবে। এ জন্য স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে চিফ হুইপ বলেন, কোনো উন্নয়নকাজ শেষ হওয়ার তিন বছরের মধ্যে নষ্ট হলে সংশ্লিষ্ট ঠিকাদারকে নিজ খরচে তা মেরামত করতে হবে।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য। নূরুল ইসলাম মনি বলেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। এসব অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ ছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ না করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও তুলে ধরেন।
বামনা গার্লস স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মী সভায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
