সা র মি ন চৌ ধু রী
অন্তর্বৃত্ত
উপপাদ্যের ছকে
বেড়ে উঠা অনিপুণ মন হেরে যায়,
জীবন সম্পাদ্য চিত্রের জটিল অন্তর্বৃত্তে;
অবক্র সম্পর্কে লুকানো গুপ্ত প্রণয়ের ফাঁদ
জেগে উঠে অমানিশায় নিশীথের ছলে!
পরিশুদ্ধ প্রেমিক চোখের হৃদয়ঙ্গমে গিয়ে
কূট বিভ্রমে সম্মোহনী হয়েছে কুসুমিত মন।
নিঃশব্দ কান্নার শুভ্র মদমত্ত জল মিশে যায়
টুপটাপ ঝরে পড়া শিশিরের বলিরেখায়,
সঙ্গের লোভ দেখিয়ে বুনে এক মায়ার জাল
কভু কী তাদের কর্ণপাত হয় না আহাজারির?
ললিত কণ্ঠে হরণ করে চোখের স্বপ্নীল ঘুম,
শেষে সিঁদ কেটে পালিয়ে যায় ধুরন্ধর শিকারি-
বিশ্বাসের দাবা খেলার নিখুঁত কুটিল চালে
সর্বস্বান্ত করে যে বুকে দিয়ে গেছে গাঢ় বেদনা।
সেই থেকে যতবার গোলচক্র রপ্ত করতে যায়
ইন্দ্রিয়জনিত মনে করে ফেলি বিনীত প্রার্থনা।