কক্সবাজারের ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় টুপটুপ নামে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ শনিবার সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের সবাই পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে রিসোর্টের ভেতরে আরো কেউ আটকা পড়ে থাকলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এক ক্ষুদে বার্তায় ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৭টা ২৫ মিনিটের দিকে স্টেশন থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে ওই রিসোর্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাদের দুটি ইউনিট সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এর প্রায় ১৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হলে রিসোর্টের বিভিন্ন অংশে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়।
বার্তায় আরো জানানো হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনে রিসোর্টের স্থাপনার অধিকাংশই পুড়ে ছাই হয়ে গেছে। উদ্ধারকাজ চলমান থাকায় ভেতরে আরো মরদেহ বা আহত ব্যক্তি রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল থেকে সরে গেছেন বলে জানা গেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং অগ্নিকাণ্ডের সময় রিসোর্টে মোট কতজন পর্যটক অবস্থান করছিলেন, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
