Published : 18 Oct 2026, 02:48 PM
Updated : 18 Oct 2026, 02:48 PM
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলের মাদ্রাসা রোডে একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘নোঙর’ বাসসহ দুটি বাস আগুনে পুড়ে গেছে।
রোববার বেলা পৌনে ১১টার দিকে পাশের আরেকটি বাসে ‘ঝালাইয়ের কাজ’ চলাকালে আগুন লাগলে, তা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের ‘নোঙর’ বাসটিতে। এতে দুটি বাসেরই অধিকাংশ অংশ পুড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের পরিবহন সম্পাদক মাহিদ হোসেন ও পরিবহন প্রশাসক অধ্যাপক তারেক বিন আতিক এ তথ্য দিয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নরসিংদীর শিক্ষার্থীরা ক্যাম্পাসে যাতায়াত করত ‘নোঙর’ বাসে করে। গেল বৃহস্পতিবারও বাসটি শিক্ষার্থীদের নরসিংদী রুটে পৌঁছে দেয়। পূজার ছুটিতে নিয়মিত মেরামতের জন্য বাসটি গ্যারেজে রাখা হয়েছিল।
ঘটনাস্থল পরিদর্শন করে মাহিদ হোসেন বলেন, “নোঙর বাসটির পাশে আরেকটি বাসের মেরামতের কাজ চলছিল। তখন সেই বাসে আগুন লাগলে জানালা দিয়ে তা আমাদের বাসে ছড়িয়ে পড়ে। এতে আমাদের বাসের প্রায় সম্পূর্ণ অংশই পুড়ে গেছে। পরিবহন প্রশাসক স্যারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক তারেক বিন আতিক বলেন, গ্যারেজ মালিকের সঙ্গে কথা হয়েছে।
“তারা বাসটি পুরোপুরি মেরামত করে দেবেন বলে আশ্বস্ত করেছেন। তাই আমরা আপাতত আইনানুগ ব্যবস্থার দিকে এগোচ্ছি না।”
