দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সাময়িক অনুমতির মেয়াদ গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) শেষ হয়েছে। ফলে গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) থেকে নগরের শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নিয়ম পুনরায় কার্যকর হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নির্ধারিত সময়সূচিতে ফিরেছে দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। আগের নিয়ম অনুযায়ী, সকাল ১১টায় দোকানপাট খোলা যাবে এবং রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।
বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে গত ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। গত ৫ অক্টোবর জারি করা বিশেষ ব্যবস্থার মেয়াদ শেষ হওয়ায় ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি পুনরায় কার্যকর হয়েছে।
চলতি বছর জ্বালানি সংকটের কারণে দোকানপাটের সময়সূচিতে কয়েক দফা পরিবর্তন আনা হয়। এপ্রিলের প্রথম দিকে দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হয়। পরে ব্যবসায়ীদের দাবিতে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়। এরপর কোরবানির ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার সাময়িক সুযোগ দেওয়া হয়েছিল। জুনে সেই সময় কমিয়ে রাত ৯টা করা হয়। সবশেষ গত ১২ আগস্ট থেকে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা কার্যকর হয়।
