The Sangbad · general
২৬ মামলার পলাতক আসামি পিয়াল সাদ্দাম গ্রেপ্তার
১৭/১০/২০২৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে পিয়াল আহম্মেদ ওরফে পিয়াল মাহমুদ সাদ্দামকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ২৬টি মামলা বিচারাধীন এবং একটি মামলায় চার বছরের সাজার পরোয়ানা ছিল। এ সময় তার কাছ থেকে ২০৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং গোডাউন থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়া-ক্যানালপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে আলমডাঙ্গা থানা পুলিশ। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার পুলিশের একটি দল মিয়াপাড়া-ক্যানালপাড়ার একটি ডোবার কাছ থেকে পিয়ালকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২০৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল ৫টা ৫০ মিনিটে আলমডাঙ্গা থানার গোবিন্দপুর মাঠপাড়া গ্রামে তার নিজস্ব গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে একটি লোহার চাপাতি, একটি দেশীয় কুড়াল, দুটি ছুরি, দুটি বড় ছোরা এবং একটি লোহার রড উদ্ধার করা হয়।পুলিশের তথ্যমতে, পিয়াল সাদ্দাম জেলার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৬টি মামলা বিচারাধীন রয়েছে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে চার বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। ওই মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করে পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।/
মূল প্রতিবেদনে যান ↗