ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথির সঙ্গে সৌদি আরবের সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। বৃহস্পতিবার ফের হামলা হয়েছে রিয়াধ বিমানবন্দরে। তাতে মৃত্যু হয়েছে এক ভারতীয়ের। উদ্ভূত পরিস্থিতিতে রিয়াদ-সহ সৌদির চার বিমানবন্দরে পরিষেবা আপাতত বাতিল করল ইন্ডিগো। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সৌদির রাজধানী রিয়াদের কিং ফাহদ বিমানবন্দরে যাতায়াত করা সব উড়ান বাতিল করা হয়েছে। সৌদির অপর তিন শহর জেড্ডা, দামাম এবং মদিনাতেও আগামী ২৭ অক্টোবর পর্যন্ত সব বিমান পরিষেবা বাতিল করেছে তারা।
ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথির সঙ্গে ধারাবাহিক সংঘাত চলছে সৌদির। চলতি মাসে প্রায় প্রতিদিনই সৌদির সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথি। হামলা হয়েছে বিভিন্ন বিমানবন্দরকে লক্ষ্য করেও। গত ১০ অক্টোবর রিয়াদের বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চলে। তাতে মৃত্যু হয় অন্তত ১২ জনের। কয়েক দিন আগে রিয়াধ থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে দামাম বিমানবন্দরেও হামলা হয়। এরই মধ্যে বৃহস্পতিবার ফের রিয়াধ বিমানবন্দরে হামলা চালায় হুথি গোষ্ঠী। তাতে এক ভারতীয়-সহ দু’জনের মৃত্যু হয়। জখমদের মধ্যেও রয়েছেন ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশি নাগরিকেরা।
পর পর এই ঘটনাগুলির জেরে রিয়াদ এবং সৌদির অন্য বিমানবন্দরগুলির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দানা বেঁধেছে। উদ্ভূত পরিস্থিতিতে রিয়াধে বেশ কিছু জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত রাখতে বাধ্য হয়েছে সৌদি। আগামী মাসের প্রথমার্ধে রিয়াধে রাষ্ট্রপুঞ্জের ওয়ার্ল্ড ডেটা ফোরাম এবং সৌদি স্ট্যাটিস্টিক্যাল ফোরামের সম্মেলনের দ্বিতীয় সংস্করণ আয়োজিত হওয়ার কথা ছিল। ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে দুই সম্মেলনই পিছিয়ে দিয়েছেন সৌদি আরবের কর্তৃপক্ষ।
শুক্রবার এক বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণেই পরিষেবা আপাতত কিছু দিনের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর নজর রেখে তা মূল্যায়ন করা হচ্ছে বলেও জানিয়েছে উড়ান সংস্থা।
ঘটনাচক্রে, বৃহস্পতিবারই লোহিত সাগরে ইয়েমেন উপকূলের কাছে একটি জাহাজে হামলা হয়। তাতে অন্তত ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির দাবি, তারাই ওই জাহাজ থেকে ভারতীয়দের উদ্ধার করেছে। হামলার জন্য সৌদি আরবের সেনাকেই দুষেছে তারা।
