ছোটবেলার স্মৃতিতে আজও উজ্জ্বল টম অ্যান্ড জেরির দুষ্টুমি। কখনও টমের হাত থেকে পালাতে জেরির অদ্ভুত কাণ্ড, কখনও আবার জেরিকে ধরতে গিয়ে টমের নিজেরই বিপদে পড়া—এই চেনা বিড়াল-ইঁদুরের লড়াইয়ে মজেছেন প্রজন্মের পর প্রজন্মের দর্শক। এবার সেই জনপ্রিয় জুটি ফিরছে বড় পর্দায়। ২৩ অক্টোবর ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেল নতুন অ্যানিমেশন ছবি ‘টম অ্যান্ড জেরি: ফরবিডেন কম্পাস’।
পরিচালনায় গ্যাং ঝাং। জি স্টুডিওজের উপস্থাপনায় তৈরি ইংরেজি ভাষার এই ছবিতে থাকছে অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও কমেডির মিশেল। তবে এবারের গল্পে শুধু চেনা দৌড়ঝাঁপ আর একে অপরকে বোকা বানানোর খেলাই নয়, টম ও জেরিকে পাড়ি দিতে হবে এক রহস্যময় জগতে।
ছবির গল্পে একটি জাদুকরী নক্ষত্রের মতো কম্পাস টম ও জেরিকে নিয়ে যায় প্রাচীন এক জগতে। সেখানে রয়েছে নানা পৌরাণিক উপাদান এবং রহস্যময় রক্ষক।পুরাণ থেকে অনুপ্রাণিত এই জগতে গিয়ে নতুন বিপদের মুখোমুখি হতে হয় জনপ্রিয় দুই চরিত্রকে। ফলে তাদের চিরাচরিত প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন অ্যাডভেঞ্চারের স্বাদ।
ছবিটির আরও একটি বিশেষত্ব রয়েছে। ‘টম অ্যান্ড জেরি: ফরবিডেন কম্পাস’ এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সম্পূর্ণ ত্রিমাত্রিক কম্পিউটার-জেনারেটেড ইমেজারি বা 3D CGI ফিচার ছবি। অ্যানিমেশনের নতুন প্রযুক্তির সাহায্যে পরিচিত চরিত্র দুটিকে আরও নতুনভাবে বড় পর্দায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ছবিটি প্রযোজনা করেছে চায়না ফিল্ম কোং লিমিটেড, ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স, অরিজিন অ্যানিমেশন এবং টার্নার এন্টারটেনমেন্ট কোং। অ্যানিমেশনের দায়িত্বে রয়েছে রিডিফাইন অ্যানিমেশন।
ছবির মুক্তিকে কেন্দ্র করে দর্শকদের জন্য আরও একটি আকর্ষণ নিয়ে এসেছে মাল্টিপ্লেক্স সংস্থা পিভিআর আইএনওএক্স। সংস্থার তরফে বাজারে আনা হচ্ছে টম অ্যান্ড জেরির জনপ্রিয় চরিত্র টাফিকে নিয়ে তৈরি বিশেষ কী-চেন। ‘টাফি অ্যাঞ্জেল’ এবং ‘টাফি ডেভিল’—এই দুই নকশায় পাওয়া যাবে সংগ্রহযোগ্য পণ্যগুলি। দেশের ১৩টি শহরের ৫০টিরও বেশি নির্বাচিত পিভিআর আইএনওএক্স প্রেক্ষাগৃহে এগুলি পাওয়া যাবে। স্টক থাকা পর্যন্তই মিলবে এই বিশেষ সংগ্রহ।
দীর্ঘদিনের অনুরাগীদের পাশাপাশি নতুন প্রজন্মের দর্শকদের কাছেও টম অ্যান্ড জেরির এই প্রত্যাবর্তন কতটা আকর্ষণীয় হয়ে ওঠে, এখন সেটাই দেখার। পরিচিত বিড়াল-ইঁদুরের লড়াই এবার নতুন জগতে কতটা হাসি আর রোমাঞ্চ ছড়ায়, তার উত্তর দেবে সময়৷
