রাজধানীর দয়াগঞ্জ রেলক্রসিং-সংলগ্ন ঘুন্টিঘর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।
গত শনিবার (১৭ অক্টোবর) ওই একই স্থানে অস্ত্র হাতে মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে সমালোচনার মুখে পড়েন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। পরে তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সেখানে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ।
আরও পড়ুন
গেন্ডারিয়া থানার ওসি মনিরুজ্জামান জানান, প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনের খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আটক ব্যক্তিরা সবাই মাদকসেবী। তাদের কাছে গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ অভিযান শুরু করলে সেখানে থাকা ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। অনেকে দেয়াল টপকে পালিয়ে যান। পরে ওই এলাকা থেকে তিনজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
গেন্ডারিয়ার থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘুন্টিঘরে নিয়মিত অভিযান চালানো হয়। এখানে ভাসমান মাদক বিক্রেতা ও মাদকসেবীরাই বেশি আসে। এ জন্য পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না। স্থায়ী সমাধানের চেষ্টা করছে পুলিশ।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) বিকেলে স্পটটিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যৌথ অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের সাজা দেওয়া হয়। একই সঙ্গে মাদক সেবনের অস্থায়ী কাগজের ছাউনি ও ঝুপড়িগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
জেইউ/এসএএস
