সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য এবং মানবতার কল্যাণ সব ধর্মের অন্যতম প্রধান শিক্ষা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) দেওয়া এক বাণীতে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশসহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই বাণী প্রদান করেন তিনি।
বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, যার যার ধর্মীয় বিধান এবং সংস্কৃতি অনুশীলনের পাশাপাশি মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ বহাল রাখা সবার জন্যই অত্যন্ত জরুরি। রাষ্ট্র সবার উল্লেখ করে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। হিন্দু ধর্মমতে জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন এবং ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে লালন করেন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের এই আরাধনা শারদীয় দুর্গোৎসবের তাৎপর্যকে অনন্য মাত্রা দিয়েছে বলে তিনি যোগ করেন।
গোত্র ও সম্প্রদায় নির্বিশেষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে সবাই নিজ নিজ ধর্ম পালন করছে এবং করবে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, এটিই বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির মূল সৌন্দর্য। এভাবে ধর্মীয়, সাংস্কৃতিক কিংবা সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে একজন বাংলাদেশি হিসেবে বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ববোধ প্রস্ফুটিত হয়ে ওঠে।
হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিস্টদের বিতাড়নের পর বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে উল্লেখ করে বাণীতে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দেশে বাংলাদেশ পুনর্গঠনের এক বিশাল কর্মযজ্ঞ চলছে। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি কল্যাণমূলক, নিরাপদ এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তায় দেশ ও সমাজ আরও সমৃদ্ধ হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে দেশের হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ-উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে ও নিরাপদে সারা দেশে উৎসব-আনন্দ উদযাপন করুন। বাণীর শেষাংশে তিনি সনাতন ধর্মাবলম্বী সবাইকে আবারও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
