কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনার তিন শীর্ষ নেতাকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার ইকবাল রোডে একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম রতন এবং ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী উপজেলার সাবেক চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানান, আমরাও গ্রেপ্তারের বিষয়টি শুনেছি।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া থেকে ঢাকায় গিয়ে আত্মগোপনে ছিলেন ওই তিন নেতা। ঢাকায় অবস্থান করে নিজ নিজ এলাকায় দলীয় কার্যক্রম জোরদারের চেষ্টা চালাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে।
ওসি আসাদুর রহমান আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আবুল কালাম আজাদ মিন্টু বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর আত্মগোপনে ছিলেন। তাকে অন্য কোনো মামলায় গ্রেপ্তার করতে পারে। মকলেছুর রহমান মিন্টু ও শহিদুল ইসলাম রতন ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।
