Published on
:
1 min read
হুগলি মোড়ে একটি আসবাব পত্রের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার বেলা ১টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোডাউনে আগুন দেখে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে, ঘটনাস্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। সূত্রের খবর, গোডাউনে থাকা সমস্ত আসবাব পুড়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, হুগলি মোড়ের লোকনাথ এন্টারপ্রাইজ় নামে এই আসবাব পত্রের দোকানে আগুন লাগে। খবর দেওয়া হয় গোডাউনের মালিককে। ঘটনাস্থলে আসে দমকলবাহিনী। আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।
গোডাউনের মালিক সৌরভ বালা বলেন, ‘দোকানের আশপাশের এলাকার মানুষের কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে গোডাউনে যাই। তখনও পর্যন্ত গোডাউনে দাউদাউ করে আগুন জ্বলছিল। এর পরে দমকলের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।’ কিন্তু গোডাউনের সমস্ত সামগ্রী ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রায় ৮০ লক্ষ টাকার সামগ্রী ছিল ওই গোডাউনে ছিল বলে দাবি তাঁর।
দমকল সূত্রে খবর, ২ ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের আসল কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
