নওগাঁ জেলা প্রতিনিধি, আব্দুল মজিদ মল্লিক: নওগাঁর পোরশায় বিজিবি’র বিশেষ অভিযানে হেরোইনসহ চোরাকারবারী আটক করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৭টায় নওগাঁর নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ কাপালির মোড় এলাকায় অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি’র সার্বিক দিকনির্দেশনায় ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় অবস্থান নেয়। টহলদলটি ঢাকাগামী ‘সোনারতরী’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬শ ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করে। একই সাথে ঘটনাস্থল থেকে মাদক বহনকারী আসামী মনিরুল ইসলামকে (২৮) আটক করা হয়।
আটককৃত আসামী নওগাঁর সাপাহার উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে বলে জানা গেছে।
১৬ বিজিবি জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যেকোনো ধরণের অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অল-আউট (সর্বাত্মক) অভিযান অব্যাহত থাকবে।
The post পোরশায় বিজিবি’র বিশেষ অভিযানে হেরোইনসহ চোরাকারবারী আটক appeared first on সকালের খবর ২৪.
