প্রকাশিত: ২০:১০, ২৪ অক্টোবর ২০২৬ আপডেট: ২০:১৭, ২৪ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য ৫৭টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৫ অক্টোবর) থেকে এ সব বেঞ্চে বিচারকাজ শুরু হবে।
প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের কারণে রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটায় হাইকোর্ট বিভাগের বিচারকাজ শুরু হবে। শনিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নতুন বেঞ্চগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর এজলাসের সামনের করিডোরে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এতে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীরা অংশ নেবেন।
এ কারণে রোববার হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর আড়াইটায় শুরু হবে। একই দিন আপিল বিভাগের ১ নম্বর কোর্টের বিচারকার্য বন্ধ থাকবে।
