বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্স প্রদান, নবায়ন এবং কার্যক্রম পরিচালনার বিধিবিধান এক নথিতে সংকলন করে সমন্বিত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে অনুমোদিত ডিলার (এডি), মানি চেঞ্জার, লিমিটেড মানি চেঞ্জার, অনুমোদিত স্বর্ণ ডিলার (এজিডি) এবং স্বর্ণ আমদানিকারকদের লাইসেন্সসংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য লাইসেন্সসংক্রান্ত নির্দেশনা জানা ও অনুসরণ করা সহজ হবে।
ছয়টি অংশে বিভক্ত নতুন সার্কুলারটিতে লাইসেন্স প্রদান ও নবায়ন, বৈদেশিক মুদ্রার লেনদেন, স্বর্ণ আমদানি ও রপ্তানি, অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত বিধান, প্রতিবেদন দাখিল এবং বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন ও লাইসেন্স বাতিলের ক্ষমতা অন্তর্ভুক্ত রয়েছে। সার্কুলারটি জারির তারিখ থেকে এক বছর কার্যকর থাকবে। এর আওতাভুক্ত বিষয়ে আগের নির্দেশনাগুলো বাতিল বলে গণ্য হবে। তবে পরবর্তী সময়ে জারি করা নির্দেশনা বা সংশোধনীও বিবেচনায় নিতে হবে। সার্কুলার অনুযায়ী, নতুন লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে অনুমোদিত ডিলাররা গ্রাহকদের পক্ষে মানি চেঞ্জার ও অনুমোদিত স্বর্ণ ডিলারের লাইসেন্সের আবেদন প্রক্রিয়াকরণ করে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বিভিন্ন সময়ে জারি করা ছড়িয়ে-ছিটিয়ে থাকা সার্কুলার ও নির্দেশনা এক নথিতে সংকলিত হওয়ায় সংশ্লিষ্ট বিধিবিধান সহজে জানা যাবে। পাশাপাশি লাইসেন্সসংক্রান্ত প্রক্রিয়া ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য এটি কার্যকর নির্দেশিকা হিসেবে কাজ করবে।
