কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সী প্রিসেন্স’ নামের একটি আবাসিক হোটেলের পার্কিং এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় হোটেলটিতে প্রায় ৩০০ পর্যটক অবস্থান করছিলেন বলে জানা গেছে। তবে তাদের সবাই নিরাপদে রয়েছেন।
ফায়ার সার্ভিস ও হোটেল কর্তৃপক্ষের প্রচেষ্টায় প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, তাদের হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণব্যবস্থা রয়েছে। কর্মীদের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। হোটেলে অবস্থানরত পর্যটকেরা নিরাপদে রয়েছেন।
প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকায় ‘টুপটুপ রিসোর্ট’ নামের একটি আবাসিক প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়।
যে আই
