মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বী পূজারি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনের শুরুতে মন্ত্রী উপজেলার মাধবপুর শিববাজার সার্বজনীন শিবমন্দির পূজামণ্ডপে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, যুগ্ম সচিব দেবজিত সিংহ, উপসচিব বিজন কুমার সিংহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সনদ্বীপ তালুকদার, জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন, উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য দেন মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাঁদমুরারী সিংহ স্বপন এবং শিববাজার সার্বজনীন শিবমন্দির পূজামণ্ডপের সভাপতি অনিল কুমার সিংহ।
পরে মন্ত্রী আদমপুর সার্বজনীন পূজামণ্ডপ, কমলগঞ্জ ও মুন্সীবাজার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবাই যেন আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার সচেষ্ট রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রেখে উৎসব উদযাপনে তিনি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
