দ্বীনের দাওয়াত, ঈমানের মেহনত ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে চাঁদপুরের মেঘনা নদীর পাড়ে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) পুরানবাজার এমদাদিয়া মাদ্রাসা সংলগ্ন দোকানঘর এলাকায় এ ইজতেমা শুরু হয়।
তাবলিগ জামাতের উদ্যোগে আয়োজিত এই ইজতেমায় চাঁদপুরের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিচ্ছেন। ২২, ২৩ ও ২৪ অক্টোবর (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) তিন দিনব্যাপী এই বিশাল আয়োজনকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে প্রাঙ্গণে প্যান্ডেল নির্মাণসহ সার্বিক প্রস্তুতি গত রাতেই শেষ হয়। আয়োজকরা জানিয়েছেন, মুসল্লিদের থাকার জায়গা, ওজুখানা, টয়লেটসহ আনুষঙ্গিক সার্বিক ব্যবস্থাপনা সুচারুভাবে সম্পন্ন করা হয়েছে।
তাবলিগ জামাতের চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ জানান, বৃহস্পতিবার ফজরের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। তিন দিনব্যাপী এই ইজতেমায় দেশ-বিদেশের বরেণ্য আলেম-ওলামারা কোরআন ও হাদিসের আলোকে হেদায়েতি বয়ান পেশ করবেন। এতে স্থান পাবে জিকির-আযকার, দ্বীনের সঠিক শিক্ষা এবং ঈমানি আলোচনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ অক্টোবর শনিবার বিশেষ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ বছরের চাঁদপুর জেলা ইজতেমা। মোনাজাতে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হবে।
