ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সহযোগী প্রতিষ্ঠান আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি ২০২৫-২৬ অর্থবছরে ৪৪ কোটি ২১ লাখ টাকা নিট মুনাফা করেছে। এ অর্থবছরে কোম্পানিটির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে আয় হয়েছে ৪ টাকা ৯৯ পয়সা। একই অর্থবছরের জন্য শেয়ারধারীদের মোট ৪১ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর কাকরাইলে গ্রিন সিটি এজের (লেভেল-৪) কার্যালয়ে কোম্পানিটির ২৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক হিসাব অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।
কোম্পানির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারধারীদের ৪০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ও ১ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছেন তাঁরা। সব মিলিয়ে এ অর্থবছরের জন্য মোট নগদ লভ্যাংশের হার দাঁড়িয়েছে ৪১ শতাংশ।
সভায় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন তালুকদার, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য এবং শেয়ারধারীরা উপস্থিত ছিলেন।
