স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) মহাপরিচালক আহসান হাবিব পলাশ বলেছেন, এবারের শারদীয় দুর্গোৎসবকে ঘিরে গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে কোনো ধরনের নাশকতা বা উগ্রবাদী হামলার ব্যাপারে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে যেকোনো ধরনের নাশকতার পরিকল্পনা মোকাবিলা করতে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে এলিট ফোর্স- এসআরবি। পাশাপাশি ভার্চুয়াল জগতে যেকোনো ধরনের গুজব-মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে এসআরবি সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখছে। যারা সাইবার জগতে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে উসকানি দেওয়ার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করবে, তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, গত ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা। আগামী ২১ অক্টোবর শুভ বিজয়ার মধ্য দিয়ে শেষ হবে এই পূজা। শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে এ বছর, এসআরবি ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তাব্যবস্থা গৃহীত হয়েছে। পূজাকে কেন্দ্র করে সব ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চসংখ্যক এসআরবি সদস্য মোতায়েন করা হয়েছে। দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে ১৫টি ব্যাটালিয়নের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় প্রতিদিন প্রায় সাড়ে ছয় হাজার সদস্য, সাড়ে ৫০০ পিকআপ এবং সাড়ে ৪০০ মোটরসাইকেল দৃশ্যমান টহল পরিচালানা করছে।