গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে একটি ঝুটের গুদামে আগুন লেগে মসজিদ, তুলার গুদাম ও বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাতে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিএন্ডবি বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে বাজারের একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুনের তীব্রতা বাড়তে থাকলে শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ততক্ষণে ঝুট ও তুলার গুদাম, স্যানিটারি দোকান, কয়েকটি মুরগির দোকান, ভাঙারির দোকান এবং একটি মসজিদ পুড়ে যায়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল করিম বলেন, প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।
The post গাজীপুরে ঝুটের গুদামে আগুন, পুড়ল মসজিদ-দোকান appeared first on দৈনিক আমার কাগজ.
