নির্মাতা ও প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন আবারও দর্শকদের জন্য নতুন একটি ইংরেজি সিনেমা নিয়ে আসছেন। ‘ডিটেকটিভ’ নামের এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটির মাধ্যমে এবার তিনি সরাসরি পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। পরিচালনার পাশাপাশি সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করছেন তিনি। সম্প্রতি চলচ্চিত্রটির অফিশিয়াল পোস্টার উন্মোচন করা হয়েছে।
এনআই মাল্টিমিডিয়ার ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন মো. নজরুল ইসলাম। ছবিটি বড় পর্দায় প্রদর্শনের উপযোগী করে নির্মিত হচ্ছে। ইতিমধ্যেই পর্যটন নগরী কক্সবাজারে ‘ডিটেকটিভ’-এর প্রথম ধাপের শুটিং শুরু হয়ে গেছে। সিনেমাটিতে দর্শকদের সামনে একেবারে নতুন একটি জুটি হাজির করা হবে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে।
কাজের অগ্রগতি নিয়ে নির্মাতা বড়ুয়া মনোজিত ধীমন জানান, পুরোদমে শুটিং চলছে এবং আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তাঁরা। তিনি জানান, নতুন জুটিকে নিয়ে কাজটি শুরু হলেও গল্পের চমক ও দর্শকদের কৌতূহল বজায় রাখার স্বার্থে এখনই কেন্দ্রীয় অভিনয়শিল্পীদের নাম প্রকাশ করা হচ্ছে না। বড় পর্দার দর্শকের কথা মাথায় রেখেই পুরো পরিকল্পনা সাজানো হয়েছে।
এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে বড়ুয়া মনোজিত ধীমন প্রযোজিত প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি চলচ্চিত্র ‘ডট’ মুক্তি পেয়েছিল। নদীপাড়ের মানুষের জীবনসংগ্রাম, প্রেম ও টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়ায়। আগের চলচ্চিত্রে কেবল প্রযোজকের দায়িত্বে থাকলেও ‘ডিটেকটিভ’-এর মাধ্যমে একই সঙ্গে পরিচালনা ও অভিনয়ে নিজেকে যুক্ত করলেন তিনি।
