পণ্যের মান নিশ্চিতে উৎপাদক, ব্যবসায়ী, ভোক্তা ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্বারোপের মধ্য দিয়ে কক্সবাজারে বিশ্ব মান দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, কক্সবাজার ও জেলা প্রশাসন, কক্সবাজারের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান। বিশেষ অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান মোঃ কামরুজ্জামান।
তিনি পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, ভোক্তা অধিকার সংরক্ষণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং দেশীয় পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে মান নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরেন। তিনি নিরাপদ ও মানসম্মত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে উৎপাদক, ব্যবসায়ী, ভোক্তা এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান বলেন, 'পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও শুধু আইন প্রয়োগের মাধ্যমে সর্বস্তরে মান নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য উৎপাদক, ব্যবসায়ী, ভোক্তা ও সংশ্লিষ্ট সকলকে সচেতনতা, নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে হবে।'
বিশেষ অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত সিভিল সার্জন টিটু চন্দ্র শীল অনুমোদনহীন পণ্য উৎপাদন, নকল ও অননুমোদিতভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার এবং ভেজাল পণ্য বাজারজাতকরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার বলেন, 'ব্যবসায়ীদের নিজেদেরও একজন ভোক্তা হিসেবে বিবেচনা করে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে হবে। মানহীন ও ভেজাল পণ্য প্রতিরোধে সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।'
উন্মুক্ত আলোচনা পর্বে কক্সবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তাক আহমেদ, লেয়ার্স কেক এন্ড কনফেকশনারি-এর প্রতিনিধি তারেকুর রহমান এবং সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বক্তারা পণ্যের গুণগত মান বজায় রাখা, ভেজাল ও নকল পণ্য প্রতিরোধ, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, দেশি-বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ কক্সবাজারের সুনাম ও বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে বিএসটিআইয়ের কার্যক্রমের পাশাপাশি উৎপাদক, ব্যবসায়ী, ভোক্তা, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
