নিজস্ব প্রতিবেদক · ১২ অক্টোবর, ২০২৬ ২:১১ অপরাহ্ন
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে অনুষ্ঠেয় এ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি। শেষ ধাপের ভোট হবে ২৭ মে।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের বৈঠকে ভোটের তারিখ চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের পাঁচ ধাপে ভোটের তারিখ জানান।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণ করা হবে।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানিয়েছিল নির্বাচন কমিশন। তখন ১২ নভেম্বর থেকে সাত ধাপে নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনার কথা জানানো হয়।
পরে ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে বৈঠকে নভেম্বর ও ডিসেম্বর মাসে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন অসুবিধার বিষয় উঠে আসে। এরপর আরও আলোচনা করে নির্বাচনের তারিখ চূড়ান্ত করার কথা জানিয়েছিল কমিশন।
সেই প্রক্রিয়ার পর এবার পাঁচ ধাপে ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণ করল নির্বাচন কমিশন।
গুগলে আমাদের খবর পেতে
