পাইপলাইনের জরুরি মেরামতের জন্য আগামীকাল শনিবার রাজধানীর নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইনের জরুরি লিকেজ মেরামতকাজের জন্য শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত রাস্তার উভয় পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ফলে নর্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, জোয়ার সাহারা, ভাটারা, বারিধারা ‘জে’ ব্লকসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে সব ধরনের গ্রাহকের (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ পূর্ণাঙ্গভাবে বন্ধ থাকবে।
এছাড়া ওই সময়ে আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
