শিশুশিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে নোয়াখালী বন্ধুসভা। গত ২৬ সেপ্টেম্বর স্থানীয় ইয়ুথ ভলান্টিয়ার একাডেমিতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিশুদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের কেউ প্রকৃতির সৌন্দর্য, কেউ গ্রামবাংলার দৃশ্য, আবার কেউ নিজের কল্পনার জগৎকে ছবির মাধ্যমে তুলে ধরে। পুরো আয়োজনজুড়ে ছিল তাদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা।
বক্তব্য দেন নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা সুমন নূর, সভাপতি আসিফ আহমেদ এবং সহসভাপতি মো. শিমুল। তাঁরা শিশুদের ছবি আঁকার পাশাপাশি সৃজনশীল চিন্তা ও প্রতিভা বিকাশে উৎসাহ দেন।

উপদেষ্টা সুমন নূর বলেন, ‘শিশুরা শুধু বইয়ের পাতায় নয়, রংতুলির মাধ্যমেও নিজেদের ভাবনা ও স্বপ্ন প্রকাশ করে। এমন আয়োজন তাদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাসী হয়ে উঠতে সহায়তা করবে।’
সভাপতি আসিফ আহমেদ বলেন, ‘শিশুদের প্রতিভা বিকাশে সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমের কোনো বিকল্প নেই। প্রথম আলো বন্ধুসভা ভবিষ্যতেও শিশু-কিশোরদের নিয়ে এমন আয়োজন অব্যাহত রাখতে চায়।’
সহসভাপতি মো. শিমুল বলেন, ‘আজকের এ আয়োজনের সবচেয়ে সুন্দর দিক হলো শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তাদের হাসি, আনন্দ ও রঙের খেলায় পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে উঠেছে।’

প্রতিযোগিতা শেষে সবার হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় বিভিন্ন মজার মজার ছড়া এবং গল্পের বই। প্রতিযোগিতায় বিজয়ীরা হলো— তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাইজ মুজদাহির, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিবম দাস ও ৪র্থ শ্রেণির শিক্ষার্থী দ্বীপ কর্মকার। তাদের হাতে উপহার হিসেবে বই, রঙের বাক্স এবং চকলেট দেওয়া হয়।
ইয়ুথ ভলান্টিয়ার একাডেমির পরিচালক দুর্জয় ভৌমিক বলেন, ‘বাচ্চাদের পড়াশোনায় মনোযোগী করে তুলতে বই উপহার দেওয়াসহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম বন্ধুসভা করছে। এ ধরনের কার্যক্রম শিশুদের মেধাবিকাশ ও বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতাপূর্ণ মনোভাব সৃষ্টিতে ভালো সহায়তা করছে।’
সাধারণ সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা
