লংমার্চ করে যদি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হতো, তাহলে সবার আগে বিএনপিই এ কর্মসূচি পালন করত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বরগুনা সার্কিট হাউসে এক বক্তব্যে ১১-দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচিকে ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।
সাত দিনের সরকারি সফরে বরগুনায় গিয়ে চিফ হুইপ বলেন, দেশের মানুষের সার্বিক কল্যাণ ও ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে তরুণ সমাজকে কর্মক্ষম ও দক্ষ করে তুলতে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, তরুণদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা গেলে দেশের উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জীবনযাপনের তুলনাও তুলে ধরেন নূরুল ইসলাম মনি।
তিনি দাবি করেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু খাবারের পেছনেই বছরে ৩৫ কোটি টাকা ব্যয় করতেন। অন্যদিকে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিবারের খাবারের খরচ মাত্র ১৫০ টাকা বলে উল্লেখ করেন তিনি।
