২০২৬ এশিয়া কাপ—ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-২) কোয়ালিফিকেশন রাউন্ডে দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশের আর্চাররা। আজ রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত কোয়ালিফিকেশন রাউন্ডে রিকার্ভ বিভাগে ৭০ মিটার এবং কম্পাউন্ড বিভাগে ৫০ মিটার দূরত্বে মোট ৭২টি করে তীর ছোঁড়েন আর্চাররা।
কম্পাউন্ড বিভাগে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। কম্পাউন্ড পুরুষ বিভাগে ৭২০-এর মধ্যে ৬৯৩ স্কোর করে ১৮ জন আর্চারের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের নেওয়াজ আহমেদ রাকিব। একই বিভাগে ৬৯১ স্কোর করে যৌথভাবে তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেছেন যথাক্রমে মোঃ তারিকুল ইসলাম ও হিমু বাছাড়।
কম্পাউন্ড মহিলা বিভাগেও দাপট দেখিয়েছে বাংলাদেশ। ৭২০-এর মধ্যে ৬৯৬ স্কোর তুলে ১৮ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছেন বন্যা আক্তার। এই বিভাগে শ্রীপর্ণা বিশ্বাস ৬৮১ স্কোর নিয়ে চতুর্থ এবং মোসা. কুলসুম আক্তার মনি সমান ৬৮১ স্কোর করে পঞ্চম স্থান অর্জন করেছেন।
অন্যদিকে, রিকার্ভ পুরুষ বিভাগে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ ৭২০-এর মধ্যে ৬৫৭ স্কোর নিয়ে ২৮ জন আর্চারের মধ্যে দারুণ লড়াই করে তৃতীয় স্থান অর্জন করেছেন। একই বিভাগে ৬৫৩ স্কোর নিয়ে চতুর্থ হয়েছেন আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি এবং ৬৪৪ স্কোর করে সপ্তম স্থানে অধিকার করেছেন সাগর ইসলাম।
রিকার্ভ মহিলা বিভাগে সায়মা সালাহ উদ্দিন ৭২০-এর মধ্যে ৬৩৫ স্কোর তুলে ২৭ জনের মধ্যে পঞ্চম হয়েছেন। এছাড়া সোনালী রায় ৬২২ স্কোর করে সপ্তম এবং সীমা আক্তার শিমু ৬১৮ স্কোর তুলে অষ্টম স্থানে থেকে কোয়ালিফিকেশন রাউন্ড শেষ করেছেন।
প্রতিযোগিতার সূচি অনুযায়ী, আগামীকাল সোমবার রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনের দলগত এবং মিশ্র দলগত ইভেন্টের নকআউট পর্বের খেলা অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে ব্যক্তিগত ইভেন্টের পরবর্তী লড়াই। আর ২৮ ও ২৯ অক্টোবর যথাক্রমে কম্পাউন্ড ও রিকার্ভ বিভাগের মেডেল ম্যাচ বা ফাইনাল অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৪ অক্টোবর ইরাকের সুলাইমানিয়াহ শহরে পর্দা উঠেছে ২০২৬ এশিয়া কাপ—ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-২)। চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এবারের আসরে বিশ্বের ১৭টি দেশের মোট ৯১ জন শুটার ও আর্চার অংশ নিচ্ছেন।
সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ আর্চারি দল
২২ সেপ্টেম্বর ২০২৬
০৩ সেপ্টেম্বর ২০২৬
১৭ জুন ২০২৫
