‘হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু হাসিনা আর আসবে না’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি ও বিরোধী দলের ভূমিকা নিয়েও সমালোচনা করেন রাশেদ খান।
গতকাল মঙ্গলবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সার্বজনীন কালীবাড়ি পূজাম-প পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।
রাশেদ খান বলেন, ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবে, এটা পাগলেও বিশ্বাস করে না। হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু হাসিনা আর আসবে না।’ তার দাবি, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই।
জামায়াতের রাজনীতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, দলটির অধিকাংশ সংসদ সদস্য কখনো রাজপথের আন্দোলনে ছিলেন না। অন্তর্বর্তী সরকারের আশীর্বাদ ও ‘ওয়েলফেয়ার মেকানিজমের’ তত্ত্ব অনুসরণ করে তারা সংসদ সদস্য হয়েছেন বলে মন্তব্য করেন রাশেদ খান। এ কারণে রাজপথের বক্তব্যে তারা অভ্যস্ত নন এবং সংসদে কিংবা রাজপথে বিরোধী দলের নেতা হিসেবে কথা বলতে গিয়ে প্রায়ই খেই হারিয়ে ফেলছেন বলে দাবি করেন তিনি।
রাশেদ খান আরও বলেন, সরকার সম্পর্কে জামায়াতের আমিরের বিভিন্ন বক্তব্য নিয়ে মানুষ হাসি-তামাশা করছে। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে যে সমন্বয় থাকা প্রয়োজন ছিল, জামায়াত তা ধারণ করতে পারছে না। ফ্যাসিবাদের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে যে ভাষায় বক্তব্য দেওয়া হতো, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধেও জামায়াত প্রায় একই ধরনের ভাষা ব্যবহার করছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিএনপি সরকার গণহত্যাকারী আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ দেবে না। তবে জামায়াত আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটি বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলেও মন্তব্য করেন রাশেদ খান।
এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু, উপজেলা বিএনপির সদস্য রেজাউল ইসলাম রুনু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মোকসুদুল মোমিন, রবিউল ইসলাম ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান স্বপনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।