লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যানকে, তবে মনোবল চাঙা আছে বলেই জানালেন তিনি।
Published : 13 Oct 2026, 10:26 AM
Updated : 13 Oct 2026, 10:26 AM
জস বাটলারের চোটের খবর জানা গিয়েছিল আগেই। এবার জানা গেল, সেই চোট ছোটখাটো কিছু নয়। বরং এতটাই গুরুতর যে, বাম হ্যামস্ট্রিংয়ে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে। তবে অস্ত্রোপচারের পর ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান বলেছেন, সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে তিনি আগের চেয়েও বেশি উজ্জীবিত।
গত ২৪ সেপ্টেম্বর হেডিংলিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পান বাটলার। তখন তিনি মাঠ ছেড়ে গেলেও পরে আবার মাঠে ফিরে ব্যাটিং করেন। কিন্তু সেই চোটই এখন তাকে মাঠের বাইরে রাখছে।
পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে তিনি খেলতে পারছেন না, আগামী মাসে অস্ট্রেলিয়া সফরেও তিনি যেতে পারবেন না। তার সুস্থ হয়ে ওঠার নির্দিষ্ট সময়সীমা এখনও জানানো হয়নি। এমনকি এসএ টোয়েন্টিতে ডারবান’স সুপার জায়ান্টসের হয়ে তার খেলাও এখন অনিশ্চিত। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগটি শুরু হবে ১৭ জানুয়ারি।
৩৬ বছর বয়সী ক্রিকেটার সোমবার সামাজিক মাধ্যমে জানান তার অস্ত্রোপচারের খবর। হাসপাতালের বিছানায় শুয়ে, পায়ে ব্রেস পরা অবস্থায় হাসি মুকে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “সফল অস্ত্রোপচার এবং সুস্থতার পথে। আগের চেয়ে অনেক বেশি উজ্জীবিত বোধ করছি।”
চোট পাওয়ার আগে দুর্দান্ত ফর্মে ছিলেন বাটলার। যে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান লাগল তার, সেই ম্যাচে ৪৯ বলে ৬৯ রানের ইনিংস খেলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে তার রান ছিল ৪৪ বলে ৮০, ১৬ বলে ৩০ ও ৩২ বলে অপরাজিত ৬২। লঙ্কানদের বিপক্ষে সিরিজটির আগে ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৬৪ বলে ১৩১ রানের ইনিংস।
এছাড়াও ম্যানচেস্টার সুপার জায়ান্টসের অধিনায়ক হিসেবে দা হান্ড্রেড টুর্নামেন্টের শিরোপা জয় করেন তিনি এবং সেই অভিযানেই প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ১৫ হাজার রানে পা রাখেন।
অস্ত্রোপচার করালেও অবশ্য বাটলারের চোটের ধরন নিয়ে উদ্বেগ রয়েই গেছে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে তিনি কয়েক দফায় টিস্যুর চোটে ভুগেছেন। এগুলো মূলত কাফ মাসলের চোট হলেও, ২০২৪ আইপিএলেও তিনি একই ধরনের বাম হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগেছিলেন।
