দিনাজপুরের চিরিরবন্দরে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৬ নম্বর অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, ওই গ্রামের শাকিল হোসেনের স্ত্রী স্বর্ণা আক্তার (২৩), তার দুই সন্তান সাফায়েত হোসেন (৪) ও কন্যা রাইসা আক্তার (২)।
স্থানীয়দের বরাদ দিয়ে পুলিশ জানায়, শাকিল হোসেন পেশায় একজন রিকশাচালক। তিনি মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। আজ বিকেলেও একই ঘটনা ঘটে। এরপর শাকিলসহ বাড়ির অন্যরা বাজারে গেলে স্বর্ণা তার দুই ছেলে-মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
স্থানীয়দের ধারণা, স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্বর্ণা প্রথমে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘরের বর্গার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন।
স্থানীয় চেয়ারম্যান ইকবাল হোসেন কাজী বলেন, আমি ঘটনাস্থলে আছি। সন্ধ্যার দিকে সবাই বাজারে গেলে স্বর্ণা তার চার বছর বয়সী ছেলে সাফায়েত ও দুই বছর বয়সী মেয়ে রাইসাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে নিজেও গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি এরই মধ্যে ঘটনাস্থলে এসেছি। প্রকৃত কারণ জেনে পরে বিস্তারিত জানানো হবে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন জানান, নিহতদের মরদেহের ময়নাতদন্ত করা হবে। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।
এসএইচএ
