জরুরি নিরাপত্তাঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমিসেবার ওয়েবসাইট। পিএইচপি প্রোগ্রামিং ভাষায় শনাক্ত নিরাপত্তা ত্রুটির পরিপ্রেক্ষিতে সিস্টেমের নিরাপত্তা জোরদার করতে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা ভূমিসেবার ওয়েবসাইট (land.gov.bd) বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এ সময়ে অনলাইনে ভূমিসেবার কোনো কার্যক্রম ব্যবহার করা যাবে না বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্টের বৃহস্পতিবার (২২ অক্টোবর) জারি করা জরুরি সাইবার সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে সিস্টেমের নিরাপত্তা উন্নয়নে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, সাময়িক এ অসুবিধার জন্য তারা দুঃখিত। নিরাপত্তা হালনাগাদের কাজ সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও চাওয়া হয়েছে। এ ছাড়া শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটের পর ভূমিসেবার জন্য কোনো ধরনের পেমেন্ট না করতে ব্যবহারকারীদের অনুরোধ করা হয়েছে।
ডিজিটাল ভূমিসেবার আওতায় রয়েছে নামজারি বা মিউটেশন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সংগ্রহ, ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল, ইজারা ও বন্দোবস্ত, ভূমি রাজস্ব মামলা এবং ভূমি তথ্য ব্যাংক।
এ ছাড়া জমির উত্তরাধিকার নির্ধারণের ক্যালকুলেটর, ভূমিসংক্রান্ত আইন ও বিধি, বিভিন্ন আবেদন ফরম এবং সেবা গ্রহণের নির্দেশিকাও ওয়েবসাইটটিতে পাওয়া যায়। নির্ধারিত সময়ের রক্ষণাবেক্ষণ চলাকালে এসব অনলাইন সেবা ব্যবহার করা যাবে না।
সম্প্রতি ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। এসব ত্রুটির কারণে বিভিন্ন সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে বিজিডি ই-গভ সার্ট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের সার্ভারে কোথায় পিএইচপি ব্যবহার করা হচ্ছে, তা শনাক্ত করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি ব্যবহৃত সংস্করণগুলো ঝুঁকিপূর্ণ কি না, তা যাচাই করে প্রয়োজনীয় নিরাপত্তা হালনাগাদ ও সুরক্ষাব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে একই নিরাপত্তা ত্রুটির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের সার্ভার বন্ধ রাখার বিষয়টিও সামনে আসে। এবার ভূমিসেবার সার্ভার সাময়িকভাবে বন্ধ রেখে নিরাপত্তা হালনাগাদের উদ্যোগ নেওয়া হলো।
নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণ সম্পন্ন হলে ভূমিসেবার অনলাইন কার্যক্রম আবার চালু হওয়ার কথা রয়েছে।
The post বাংলাদেশ ব্যাংকের পর এবার ১২ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার appeared first on ভোরের চেতনা.
