গাইবান্ধায় দুটি মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সাড়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম।
গ্রেফতার ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমণ্ডপ গ্রামের মো. নুর জামালের ছেলে মো. মাইদুল ইসলাম (২২) এবং মো. শামসুল হকের ছেলে মো. শাকিল খান (২২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দাঁড়িয়াপুর বাজার এলাকায় সুন্দরগঞ্জ থেকে গাইবান্ধাগামী পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় নীল রঙের দুটি অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল তল্লাশি করে সেগুলোর তেলের ট্যাংকিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে একটি মোটরসাইকেলের ট্যাংকি থেকে ৪ কেজি এবং অন্যটি থেকে সাড়ে ৩ কেজি গাঁজা পাওয়া যায়।
উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২ লাখ ২৫ হাজার টাকা। জব্দ করা মোটরসাইকেল দুটির প্রতিটির আনুমানিক মূল্য ২ লাখ টাকা। গাঁজা ও মোটরসাইকেলসহ জব্দ করা আলামতের মোট মূল্য ৬ লাখ ২৫ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. এনামুল হক বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারায় মামলা করেছেন।
গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।
