পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, “আমরা আবহমানকাল ধরে হিন্দু, মুসলিম ও খ্রিস্টান একসঙ্গে বসবাস করছি। আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, যে যার যার ধর্ম পালন করছি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ধর্ম যার যার উৎসব তার তার। কিন্তু নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’
আজ সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় দুর্গাপূজা উপলক্ষে কানাইনগর সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এ কথা বলেন।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বৈষম্যহীন ও সম্প্রীতির এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের প্রিয় নেতা তারেক রহমান এ দেশকে এগিয়ে নিয়ে যেতে যেসব কর্মসূচি দিচ্ছে সেগুলোতে আপনার সহযোগিতা করবেন। ফ্যামিলি ও কৃষক কার্ডসহ কোন সেবা থেকেই সুবিধাবঞ্চিতরা বাদ পড়বেন না। সেজন্য সবাইকে উদার হতে হবে। হতদরিদ্র নারীদের নানাবিধ সহায়তা দেওয়া হবে তাদের সংসার পরিচালনার জন্য।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, আমরা বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করছি। সারা দেশের মানুষ চেষ্টা করছে গাছ লাগানোর। আমাদের এই উপকূল জলবায়ু পরিবর্তনজনিত কারণে অত্যন্ত সমস্যায় ও ঝুঁকিপূর্ণ। এ এলাকার মানুষের সমস্যা সমাধান করতে গেলে বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। এই জনপদের সব সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠান আসে সাম্যের বার্তা নিয়ে। প্রত্যেক ধর্মের মূলমন্ত্র হচ্ছে শান্তি, সম্প্রীতি ও ঐক্যবদ্ধভাবে চলা। কিন্তু আমরা স্বার্থপর হয়ে গেছি, আমরা পরিবারের বাহিরে চিন্তা করতে পারি না। এই মানসিকতায় আমরা জড়িয়ে গেছি। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনাদের সব সমস্যা ও প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন, বিএনপিনেতা শেখ রুস্তুম আলী, বাবুল হোসেন রনি, আ. হাকিম বাচ্চু, মো. নজরুল ইসলাম, বিএনপিনেত্রী কমলা বেগম ও আয়েশা সিদ্দিকা।
