চট্টগ্রাম নগরীর হালিশহরে সংবাদ সংগ্রহে গিয়ে দৈনিক পূর্বদেশের জ্যেষ্ঠ প্রতিবেদক এম এ হোসাইনকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটির নেতারা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বিবৃতিতে বলেন, বুধবার বিকেলে নগরীর হালিশহরের রমনা আবাসিক এলাকার খালের পূর্ব পাড়ে সংবাদ সংগ্রহের কাজে গেলে একদল দুর্বৃত্ত এম এ হোসাইনকে ঘিরে ধরে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। পরে তাঁকে মারধর করে মানিব্যাগ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ সময় বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর আদায় করে কয়েক দফায় অর্থ হাতিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
বিবৃতিতে বলা হয়, ওই সাংবাদিককে হত্যার চেষ্টা এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর এমন হামলা, অর্থ ছিনতাই ও প্রাণনাশের চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
সিইউজে নেতারা বলেন, কোনোভাবেই এ ধরনের অপরাধ মেনে নেওয়া যায় না। নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার বিষয়টিও এ ঘটনায় উঠে এসেছে বলে মন্তব্য করেন তাঁরা।
বিবৃতিতে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সিইউজে নেতারা।
এ ঘটনায় ১০ থেকে ১২ জনকে আসামি করে হালিশহর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক। তাঁর অভিযোগ, বিকাশ অ্যাকাউন্ট ও মানিব্যাগ থেকে প্রায় ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
The post সাংবাদিককে জিম্মি করে ছিনতাই, জড়িতদের গ্রেপ্তার দাবি সিইউজের appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
