নাটোরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে আলোচনা সভা, উপকরণ বিতরণ
নাটোর প্রতিনিধি
- আপডেট সময় : ১০:২৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নাটোরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন এ আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা. সুমনী আক্তার। সভা সঞ্চালনা করেন জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার আবিদা সিফাত।
আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. আসমা খাতুন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ, মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা বিশেষজ্ঞ মো. মাইন উদ্দিন, ইএসআইয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. মফিজ উদ্দিন, এনজিও আলো-এর নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা এবং উপজেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস।
বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, নিরাপত্তা ও সক্ষমতা সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এ দিবসের মূল লক্ষ্য। তাঁদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও প্রতিবন্ধীবান্ধব সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে রিনা বেগমসহ বিভিন্ন উপজেলা থেকে আসা প্রতিবন্ধী ব্যক্তিরা অংশ নেন।
