আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পিএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪০ পিএম
ছবি: খবরের কাগজ
-->ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন, পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- আখাউড়া বড় বাজার এলাকার জারু মিয়া ওরফে আকবর হোসেন এবং মালদারপাড়া এলাকার আকাশ মালদার ওরফে হাসিব। পলাতক রয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাসিন্দা তাজুল ইসলাম (৬২)। তিনি আখাউড়ার মসজিদপাড়ায় ভাড়া থাকতেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর রাত সাড়ে ১০টা থেকে ১২ অক্টোবর সকাল ৭টার মধ্যে কোনো একসময় আখাউড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাধানগর এলাকার শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ একাধিক দল গঠন করে তদন্ত শুরু করে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে জারু মিয়াকে আটক করা হয়।
আরও পড়ুন
জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং এ ঘটনায় আকাশ মালদারের সম্পৃক্ততার তথ্য দেন। পরে অভিযান চালিয়ে আকাশকেও আটক করা হয়।
জারু মিয়ার বাড়ি থেকে তার দেখানো মতে, দুই আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, চারটি ইমিটেশনের মুকুট, দুটি বাঁশি, একটি চাঁদ ও একটি রুপার চেইন উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার দুজনকে নিয়ে অভিযান চালিয়ে পলাতক তাজুল ইসলামের আখাউড়া থানাধীন মসজিদপাড়ার ভাঙারির দোকান থেকে আরও মালামাল উদ্ধার করা হয়।
উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে- রাধারানির একটি বড় পিতলের মূর্তি, গৌর-নিতাইয়ের দুটি পিতলের মূর্তি, গোপালের একটি ছোট পিতলের মূর্তি, একটি পিতলের কাঁসি, একটি পিতলের গাছা, একটি পঞ্চপ্রদীপ, তিন জোড়া পিতলের করতাল, একটি তামার বাটি, ছোট-বড় দুটি তামার কোসাকুসি, একটি পিতলের প্রদীপদানি ও শঙ্খ রাখার একটি পিতলের স্ট্যান্ড।
চুরির ঘটনায় ১২ অক্টোবর আখড়া কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ বাদী হয়ে মামলাটি করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
জুটন বনিক/রিফাত/
আরও পড়ুন
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৯ পিএম
ছবি: খবরের কাগজ
-->জয়পুরহাটে ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়।
পরবর্তীতে সার্কিট হাউজ মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ করণীয় অগ্নিনির্বাপণ বিষয়ে একটি বাস্তবধর্মী সচেতনতামূলক মহড়া প্রদর্শিত হয়।
আরও পড়ুন
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আল-মামুন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শরীফুল ইসলাম ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।
সভায় বক্তারা বলেন, যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সচেতনতা প্রয়োজন। দুর্যোগ মোকাবিলায় শুধুমাত্র সরকারের ওপর নির্ভর না করে প্রত্যেককে নিজ ঘর থেকেই সচেতনতা শুরু করার আহ্বান জানানো হয়।
সাগর কুমার/খাদিজা রুমি/
আরও পড়ুন
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০১:১১ পিএম
ছবি: খবরের কাগজ
-->নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের উপস্থিতিতে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় এ অভিযান চালানো হয়। এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ বিন শফিক।
অভিযান চলাকালে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে গোলাকান্দাইল ও সাওঘাট এলাকা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্ট্যান্ড, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
আরও পড়ুন
এর আগে, এক দিন মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ কারণে অনেক ব্যবসায়ী নিজেরাই তাদের দোকানপাট ও স্থাপনা সরিয়ে নেন। অভিযানের ফলে মহাসড়কের দখলমুক্ত অংশে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল রিপন, আব্দুল আজিজ মাস্টার, আব্দুল জলিল, আরিফুল ইসলাম ইমন, শাকিল আহমেদ নুরুসহ প্রশাসন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ বিন শফিক বলেন, ‘মহাসড়ক দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আপাতত ৪০ জন স্বেচ্ছাসেবী নিয়মিতভাবে এখানে কাজ করবেন। পরবর্তী সময়ে সড়কে ডিভাইডার স্থাপন করে যানবাহন চলাচল আরও সুশৃঙ্খল ও নিরাপদ করার উদ্যোগ নেওয়া হবে।’
রুবেল শিকদার/অন্তরা/
আরও পড়ুন
নড়াইলে ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪১ এএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৬ এএম
ছবি: খবরের কাগজ
-->নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত ও নদীর মৎস্যসম্পদ রক্ষায় অভিযান চালিয়ে ছয় হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উদ্ধার করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার নবগঙ্গা নদীর বিভিন্ন এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন বড়দিয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা।
আরও পড়ুন
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন মৌসুমে নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং মাছের প্রজনন পরিবেশ সুরক্ষিত রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে নবগঙ্গা নদীর বিভিন্ন স্থান থেকে আটটি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জাল গুলোর মোট দৈর্ঘ্য আনুমানিক ছয় হাজার মিটার।
নড়াইল জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন,কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম এবং উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস নবগঙ্গা নদীতে অভিযান চালিয়ে আটটি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, ‘মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার নির্ধারিত নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। অবৈধ কারেন্ট জালের ব্যবহার শুধু মা ইলিশের জন্যই নয়, নদীর অন্যান্য প্রজাতির মাছের প্রজনন ও বংশ বিস্তারের ক্ষেত্রেও মারাত্মক ক্ষতিকর। নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম সফল করতে জেলেসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।’
এস এম শরিফুল ইসলাম/তামান্না রুপা
আরও পড়ুন
হবিগঞ্জে শেয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ২৭
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৯ এএম
ছবি: এআই
-->হবিগঞ্জের লাখাইয়ে হঠাৎ লোকালয়ে ঢুকে একটি শেয়ালের অতর্কিত হামলায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৭ জন আহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক, লকনাউক ও সানাবই এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ একটি শেয়াল লোকালয়ে ঢুকে পড়ে। এরপর পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ওপর একের পর এক হামলা চালিয়ে কামড় দিতে থাকে। এতে মুহূর্তের মধ্যে কয়েকটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আরও পড়ুন
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ৮ জন নারী, ১৮ জন পুরুষ ও একজন কিশোর রয়েছেন। রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শেয়ালের কামড়ে আহত মোট ২৭ জন চিকিৎসা নেন।
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুৎফুল হাসান শোহন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হঠাৎ করে লোকালয়ে শেয়ালের এমন হামলার ঘটনায় সাতাউক, লকনাউক ও সানাবই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
কাজল সরকার/খাদিজা রুমি/
