রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, গুলি, মাদকদ্রব্য, জাল নোট, বিভিন্ন সরঞ্জাম ও যানবাহন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৭১ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ১০০ জন, মিরপুর বিভাগে ১৭৮ জন, গুলশান বিভাগে ৫৪ জন এবং উত্তরা বিভাগে ৪৩ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ তিনজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ব্যবহৃত গুলির একটি অংশ, তিনটি চাকু ও আটটি রড উদ্ধার করা হয়। এ ছাড়া ১ কেজি ৪৫০ গ্রাম ও ২১ পুরিয়া গাঁজা, ৯ হাজার ৫৮টি ইয়াবা, ২ গ্রাম হেরোইন, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, ১২টি মুঠোফোন, ২০০ টাকার ৩২০টি জাল নোট, একটি সিপিইউ, একটি স্ক্যানার, একটি মাউস, একটি কিবোর্ড এবং ১০ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
