ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান মনোনীত হওয়ায় জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে ভোলার লালমোহনে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে মনোনীত হওয়া শুধু তার ব্যক্তিগত সম্মান নয়; এটি বাংলাদেশের পাশাপাশি ভোলা, লালমোহন ও তজুমদ্দিনের মর্যাদাও বাড়িয়েছে।
তিনি চাঁদাবাজি, দখলবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানান। একই সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ত্রাণ বিতরণের ক্ষেত্রে প্রকৃত উপকারভোগীদের অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে ১৫০ জন বাস্তুহারা ও হতদরিদ্র মানুষের হাতে নগদ অর্থের চেক তুলে দেওয়া হয়। লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিআলো/আমিনা