ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে: গোলাম পরওয়ার
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পিএম
ছবি: খবরের কাগজ
-->ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিবদের ভাতা ও বেতন দেওয়ার ক্ষেত্রে বিএনপির বিরুদ্ধে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হলে এ অঞ্চলকে শূন্য করে ফেলা হবে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে দুর্নীতি ও দলীয়করণ করা হয়েছে। দলের লোকজনকে সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, বিএনপির দিন ফুরিয়ে আসছে। ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে। চাঁদাবাজি ও দখলদারত্বের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে আগামী ২৯ তারিখ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।
মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার। এ সময় বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি দলটির বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তোলেন।
নির্বাচনে কোনো ধরনের টালবাহানা বা কারচুপি করা হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনিসহ জামায়াতের বিভিন্ন নেতারা।
গোলাম পরওয়ার বলেন, ভোটে কারচুপি বা ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হলে নির্বাচন কমিশন কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তর ঘেরাও করা হবে। প্রয়োজনে এই আসনকে কেন্দ্র করে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম।
এ ছাড়া আরও বক্তব্য দেন- ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমসহ ১১ দলীয় ঐক্য জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীনের সভাপতিত্বে জনসভাটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর। ঠাকুরগাঁও-১ আসনের সদর, রুহিয়া ও ভূল্লী এলাকার উদ্যোগে এ জনসভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিধান চন্দ্র/নাঈম
আরও পড়ুন
মাগুরায় যুবদল নেতা হত্যার বিচার ও গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পিএম
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করছেন বিক্ষোভকারীরা। ছবি: খবরের কাগজ
-->মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে মাগুরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পারনান্দুয়ালী গ্রাম থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনার রহস্য উদ্ঘাটন, অস্ত্র উদ্ধার ও জড়িতদের শনাক্ত করার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই। তবে এ ঘটনায় এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন
সমাবেশে বক্তারা বলেন, ‘একজন রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।’ একই সঙ্গে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
পরে শহরের ঢাকা রোডের পারনান্দুয়ালী এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা। এতে যান চলাচল ব্যাহত হয়ে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে জেলা পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন তারা।
উল্লেখ্য গত বুধবার ভোররাতে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাকের হোসেন (৩৯)। তিনি মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে এ ঘটনায় রনি শিকদার (৩৮) ও শামীমা তাবাসসুম (৩১) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রনি শিকদার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পরে সন্দেহভাজন আসামি হিসেবে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আদালতে পুলিশের দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে গ্রেপ্তার দুজনের সংশ্লিষ্টতা সম্পর্কে পাওয়া তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাদের ভূমিকা নিয়ে আরও তদন্ত প্রয়োজন। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, অন্য জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং অপরাধে ব্যবহৃত অস্ত্র ও যানবাহন উদ্ধারে তদন্ত চলছে।
কাসেমুর রহমান/আজহার/
আরও পড়ুন
মানিকগঞ্জের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছ থেকে যা প্রয়োজন আনব: খাদ্যমন্ত্রী
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পিএম
আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পিএম
ছবি: খবরের কাগজ
-->মানিকগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য যা যা প্রয়োজন, তা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে চেয়ে নিয়ে আসার আশ্বাস দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
শনিবার (২৪ অক্টোবর) মানিকগঞ্জ সদর উপজেলায় তিনটি সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
উদ্বোধন করা তিনটি সড়ক হলো- তরা ব্রিজ-গিলন্ড বাজার সড়ক, গিলন্ড জামে মসজিদ থেকে মুন্নু ফেব্রিকস হয়ে গিলন্ড জিপিএস সড়ক এবং গড়পাড়া ইউনিয়ন অফিস থেকে চান্দইর বাজার হয়ে শাহা সুফি বন্দে আলী মাজার সড়ক।
আরও পড়ুন
খাদ্যমন্ত্রী বলেন, 'মানিকগঞ্জের রাস্তাঘাটসহ সব এলাকার উন্নয়নকাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আপনারা প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন।'
বিগত ১৭ বছরে মানিকগঞ্জে তেমন কোনো উন্নয়ন হয়নি। সম্পদের সীমাবদ্ধতা থাকায় সব কাজ একসঙ্গে করা সম্ভব নয়। তবে পর্যায়ক্রমে সব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। উন্নয়ন কাজ বাস্তবায়নে এলাকাবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
সড়ক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসীর উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময় আমরা যখন মাঠে-ময়দানে ছিলাম, তখন এলাকাবাসীর অন্যতম দাবি ছিল রাস্তাঘাটের উন্নয়ন। সেই দাবি পূরণে আজ আমরা সড়ক উন্নয়নের কাজ শুরু করেছি। এ জন্য মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। তার নির্দেশনায় এসব সড়কের উন্নয়ন কাজ শুরু হচ্ছে।’
সড়কগুলোর কাজের মান ও অগ্রগতি তদারকির ওপর গুরুত্ব দিয়ে আফরোজা খানম জানান, কাজ যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শেষ হচ্ছে কি না, তা এলাকাবাসীকে খেয়াল রাখতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজের অগ্রগতি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ‘এখন আর আন্দোলনের সময় নয়, এখন দেশ গড়ার সময়, এলাকা গড়ার সময়।’
সড়কগুলোর উন্নয়ন কাজের উদ্বোধন শেষে খাদ্যমন্ত্রী উপস্থিততে বিএনপি নেতাকর্মী, সরকারি কর্মকর্তা ও এলাকাবাসীদের নিয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
আসাদ জামান/খাদিজা রুমি/
আরও পড়ুন
গদি কখনোই চিরস্থায়ী নয়: জামায়াত আমির
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫১ পিএম
আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পিএম
মতবিনিময় সভায় কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: খবরের কাগজ
-->ক্ষমতার গদি কখনোই চিরস্থায়ী হয় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় মৌলভীবাজার সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে না উল্লেখ করে ডা. শফিকুর রহমান জানান, তারা সংসদে দায়িত্বশীল ও বিবেকবান বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চান।
আরও পড়ুন
তিনি আরও জানান, সরকারের ভালো উদ্যোগকে তারা সমর্থন করবেন, তবে যেকোনো ভুল ও অনিয়মের সমালোচনা করতে পিছপা হবেন না। অতীতে সরকারি দলকে অন্ধ সমর্থন বা সংসদে অস্থিতিশীলতা তৈরির যে সংস্কৃতি ছিল, তা পরিহার করে একটি ইতিবাচক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার ওপর জোর দেন তিনি।
আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে সরকারের সমালোচনা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, ‘পুলিশের মধ্যে অনেক দায়িত্বশীল ও দেশপ্রেমিক কর্মকর্তা রয়েছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের মন্ত্রণালয়ের কাজে আরও মনোযোগী হওয়া উচিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছে না।’
বিরোধীদলীয় নেতা বলেন, ‘ভারত থেকে যদি দেশে অবৈধ টাকা ও প্রাণঘাতী অস্ত্র প্রবেশ করে, তবে সরকারে থেকে লাভ কী? সীমান্ত দিয়ে এসব অবৈধ অস্ত্র ও অর্থ ঢুকলে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ছাড়া আর কিছুই হবে না।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘অনেক সংসদ সদস্য ও মন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ থাকলেও তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না। নীতির প্রশ্নে কাউকে বড় করে দেখার সুযোগ নেই। কেউ ভুল করলে তাকে সংশোধনের সুযোগ দেওয়া উচিত, কিন্তু অপরাধ করলে ছাড় দেওয়া উচিত নয়।’
নিজ দলের এক সংসদ সদস্যকে বহিষ্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ওই সংসদ সদস্যকে দল থেকে বাদ দেওয়ার বিষয়ে তারা ২৪ ঘণ্টাও সময় নেননি।’ তার সঙ্গে দলের আর কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।
পুলক পুরকায়স্থ/খাদিজা রুমি/
আরও পড়ুন
গোপালগঞ্জে রোড়াশী ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ এএম
আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ এএম
ছবি: খবরের কাগজ
-->গোপালগঞ্জ সদর উপজেলার ২১ নম্বর রোড়াশী ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং নিষ্ক্রিয়তার অভিযোগে এ কমিটি বিলুপ্ত করা হয়।
শুক্রবার (২৩ অক্টোরর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম ও সদস্যসচিব ফজলুল কবির স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ সংগঠন পরিপস্থি ও নিষ্ক্রিয়তার কারণে ২১ নম্বর রোড়াশী ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম বলেন, ‘২১ নম্বর রোড়াশী ইউনিয়ন বিএনপির কমিটির মেয়াদোত্তীর্ণ হয়েছে। একই সঙ্গে নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংগঠন পরিপস্থি কর্মকাণ্ড করছে। তাই ওই ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।’
বাদল সাহা/তামান্না রুপা/
