কালবেলা · সাধারণ
ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিধবার সোনার দুল নিয়ে উধাও
১৯/১০/২০২৬

ভোলার দৌলতখানে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মরিয়ম বেগম (৫৫) নামে এক বিধবার কানের সোনার দুল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাজি বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মরিয়ম বেগম ওই এলাকার মৃত নাছির সাজির স্ত্রী।
ভুক্তভোগীর অভিযোগ, সোমবার দুপুরের দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি তার বাড়িতে আসেন। তারা ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তার ছবি তুলতে চান। একপর্যায়ে ছবি তোলার কথা বলে তাকে কানের সোনার দুল খুলতে বলেন। পরে দুলটি দেখতে চাওয়ার কথা বলে সেটি নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা।
এ ঘটনায় অসহায় মরিয়ম বেগম প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এ ধরনের প্রতারণার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সরকারি সুবিধার নামে কেউ যাতে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সতর্কতা ও প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। তবে অভিযোগ পেলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মূল প্রতিবেদনে যান ↗