নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী প্রায় ৪০০ দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ সহায়তা দেওয়া হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে বস্ত্র তুলে দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, শারদীয় দুর্গোৎসব সর্বজনীন আনন্দের উৎসব। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ মানবিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সম্প্রীতির বাংলাদেশে সব ধর্মের মানুষ যেন একসঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পারেন, সেটিই তাঁদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে বদলগাছী উপজেলার প্রায় ৪০০ দুস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বী মানুষের হাতে আনুষ্ঠানিকভাবে বস্ত্র তুলে দেওয়া হয়।
বিআলো/শিলি