সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নতুন ভূইয়াগাঁতী ইউনিয়ন’ পরিষদ গঠনের প্রস্তাব নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার ভূইয়াগাঁতী বাসস্ট্যান্ড চত্বরে এ গণশুনানির আয়োজন করা হয় । এতে প্রস্তাবিত ইউনিয়নের আওতাভুক্ত এলাকার বাসিন্দাদের মতামত, দাবি ও পরামর্শ শোনেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড এবং রায়গঞ্জ থানার চান্দাইকোনা ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড নিয়ে ইউনিয়ন’ পরিষদ গঠনের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে গত ৩০ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার আবদুল খালেক পাটোয়ারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের গণশুনানিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
গণশুনানিতে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান ও সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. লুৎফর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পেশা শ্রেনির মানুষ।
শুনানিতে নতুন ইউনিয়ন গঠনের যৌক্তিকতা, প্রশাসনিক সুবিধা, স্থানীয় সরকার ব্যবস্থাপনা ও জনসেবা নিশ্চিত করার বিষয়ে মতামত নেওয়া হয়। নতুন ইউনিয়ন গঠিত হলে সরকারি সেবা পাওয়া সহজ হবে কি না এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে কী ধরনের পরিবর্তন আসতে পারে, সেসব বিষয়ও আলোচনায় গুরুত্ব পায়।
সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় বাসিন্দাদের মতামত ও প্রস্তাব নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে গণশুনানি অনুষ্ঠিত হওয়া মানেই ইউনিয়ন গঠনের চূড়ান্ত অনুমোদন নয়। প্রস্তাবটি যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে
