দিল্লিতে নতুন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজীত দিপকে। শুক্রবার (১৬ অক্টোবর) ‘লেহরা দো তিরঙ্গা’ বা ‘তেরঙা ওড়াও’ অভিযানে দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে তরুণ প্রজন্মকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মী-সমর্থকদেরও উদ্দেশেও বার্তা দিয়েছেন। দলের অন্য দুই নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কার গ্রেপ্তারের প্রতিবাদে সিজেপির এই বিক্ষোভ কর্মসূচি।
শুক্রবার দিল্লির কনট প্লেসে ‘তেরঙা ওড়াও’ অভিযানের নেতৃত্ব দেবেন দিপকে। বিকাল ৫টা নাগাদ জমায়েত হবে। ওই দিন ওই সময়ে দলে দলে কনট প্লেসে জড়ো হয়ে জাতীয় পতাকা ওড়ানোর জন্য সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়েছেন সিজেপি প্রতিষ্ঠাতা।
দিল্লির যন্তর মন্তরকে সম্প্রতি নির্বাচিত প্রতিবাদস্থলের তালিকা থেকে সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যন্তর মন্তরে এখন জমায়েত বা যেকোনও ধরনের বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ। ওই নির্দেশের পরেও মঙ্গলবার সৌরভ ও রাঙ্কার নেতৃত্বে সিজেপির কয়েক জন লোহার দরজা টপকে যন্তর মন্তরে প্রবেশ করেন এবং জাতীয় পতাকা ওড়াতে ওড়াতে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেন। পুলিশ প্রথমে তাদের আটক করে। পরে দু-জনকেই গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাদের পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আপাতত রাঙ্কা, সৌরভের ঠিকানা তিহাড়। দিপকের বক্তব্য, জাতীয় পতাকা ওড়ানো কোনও অপরাধ নয়। তার জন্য কাউকে জেলে পাঠানো যায় না। সহকর্মীদের গ্রেপ্তারির প্রতিবাদেই ‘তেরঙা ওড়াও’ অভিযানের ডাক দিলেন তিনি। জাতীয় পতাকা হাতে নিয়ে কনট প্লেস পর্যন্ত তারা মিছিল করবেন শুক্রবার বিকালে।
